দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশু মারা গেছে। এর মধ্যে তিন শিশুর হাম শনাক্ত হয়েছে এবং অপর ছয়জনের হামের উপসর্গ ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪৩৫ শিশু হাসপাতালে এসেছে। এর মধ্যে ৪৮৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৪৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৩৫২ শিশু মারা গেছে। এর মধ্যে হাম শনাক্ত হয়ে মারা গেছে ৬১ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৯১ জন।
একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৮৯ জন এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৬৫৬ জন।











































































































































































































































































































































































































