সাত মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন-newsedge24

প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে অফিসে এসেই সচিবালয়ের সাতটি মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিভিন্ন কক্ষে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং অপচয় রোধ করে সাশ্রয়ী হওয়ার বিভিন্ন পরামর্শ দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রোববার প্রথম কর্মদিবসে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। এরপরপরই তিনি পরিদর্শনে বের হন।

প্রথমে তিনি ৬নং ভবনে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে যান। সেখানে বিভিন্ন কক্ষে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তিনি বিদ্যুতের অপচয় রোধে লাইট কম ব্যবহার, এসি নিয়ন্ত্রিত মাত্রায় চালানো, জানালার পর্দা সরিয়ে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারসহ বিভিন্ন সাশ্রয়ী উপায়ের পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, “দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে হলে বুকে ধারণ করে ভালোবাসতে হবে। এই দেশ আপনাদের-আমাদের সবার।”

একইভাবে তিনি পানি সম্পদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবেশ ও বন, সমাজকল্যাণ, মৎস্য ও প্রাণী সম্পদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। প্রতিটি মন্ত্রণালয়ে গিয়ে টেবিল-চেয়ার, আসবাবপত্রের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে যত্নবান হওয়া এবং সরকারি সম্পদকে দেশের সম্পদ হিসেবে যত্ন করে রাখার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর এই ‘হঠাৎ’ পরিদর্শনে অনেক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা হতচকিত হয়ে পড়েন। কেউ কেউ তৎপর হয়ে উঠতে দেখা যায়।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে ফিরে কৃষি কার্ড সংক্রান্ত বিশেষ কমিটির সভায় বসেন। কৃষিমন্ত্রী আমিনুর রশিদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *