ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি দাবি করেছেন, তারা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, কুয়েত ও বাহরাইনের তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে ‘টানা কয়েক দফায়’ হামলা চালিয়েছে। শনিবার (১৪ মার্চ) ইরানের সংবাদমাধ্যমগুলো অ্যাডমিরাল তাংসিরির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে:
- আবুধাবির আল-দাফরা বিমানঘাঁটি
- কুয়েতের আল-আদিরি ঘাঁটি
- বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি
আলিরেজা তাংসিরি দাবি করেছেন, হামলায় প্যাট্রিয়ট রাডার সিস্টেম, যুদ্ধবিমান এবং যুদ্ধবিমানের জ্বালানি সংরক্ষণের ট্যাংক লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, এই হামলাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে চালানো হামলার সরাসরি জবাব।
আরও পড়ুন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের পাশে চীন-রাশিয়া
যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনও এই দাবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আকাশপথে চলাচল সীমিত রাখা হয়েছে।
এই হামলার দাবি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও উত্তপ্ত করে তুলেছে। ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, তারা শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং প্রতিশোধ অব্যাহত থাকবে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































