বাসে-আগুন-newsedge24

রাজধানীর যাত্রাবাড়ীতে দু’টি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। সোমবার দিবাগত মধ্যরাতে এসব ঘটনা ঘটে। তবে বাসগুলোতে কোনো যাত্রী ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। বাসগুলো তখন পার্কিং করা অবস্থায় ছিল।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বলেন, ‘রাত পৌনে ১টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে আগুনের খবর আসে। এরপর ২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা টোলপ্লাজার কাছে রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগে। এরপর ভোর ৪টার দিকে উত্তরা জনপথ মোড়ে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগার খবর পাই।’

আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের টিমগুলো আগুন নির্বাপণ করে। তিনটি বাসই দুর্বৃত্তদের কারসাজিতে পুড়ে যায়। এদিকে বসুন্ধরা এলাকায় পরিত্যক্ত প্রাইভেটকারে আগুনের কারণ এখনও নির্ধারণ করা হয়নি, তবে তদন্ত চলছে।

এসময় রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। বিভিন্ন সূত্র জানায়, সোমবার সকাল থেকে রাত পর্যন্ত অন্তত আটটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে, যাতে কয়েকজন আহত হয়েছেন। এসব ঘটনা আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির পটভূমিতে ঘটায় রাজধানীবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন করে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন: মিরপুরে গ্রামীণ ব্যাঙ্কের সামনে ককটেল বিস্ফোরণ

এছাড়া ময়মনসিংহের ফুলবাড়িয়ায়ও একটি বাসে আগুন লাগার ঘটনায় একজন চালক দগ্ধ হয়ে মারা গেছেন। এসব ঘটনা দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে আরও উত্তেজনা বাড়িয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাগুলোর তদন্ত করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *