আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চলতি বছরের ১২ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়, যা পর্যায়ক্রমে বাড়ানো হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সেনাবাহিনী বিভিন্ন অভিযান চালিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এই সময়সীমা আরও ৩ মাস ১৬ দিন বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: ১৩ নভেম্বর ঘিরে নজরদারি বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ১৭টি ধারার অধীনে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে নেওয়া হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































