রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার (২৬ জুলাই, ২০২৫) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ এর প্রকাশনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন জিল্লুর রহমান, এবং ড. সালেহউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড. সালেহউদ্দিন বলেন, “বাংলাদেশের মতো পৃথিবীর কোনো দেশে এত বড় আর্থিক বিপর্যয় হয়নি। কিছু ব্যাংকের ৮০ শতাংশ অর্থ লোপাট হয়ে গেছে। আইএমএফ বলছে, ব্যাংকিং খাত উদ্ধারে ১৮ বিলিয়ন ডলার লাগবে, আর বিশ্ব ব্যাংক বলছে ৩৫ বিলিয়ন ডলারের কথা।” তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের পদচিহ্ন রেখে যাবে, তবে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য রাজনৈতিক সরকার প্রয়োজন।”
তিনি উল্লেখ করেন, “ভালো প্রতিষ্ঠান বলতে কিছু নেই। আইনের ব্যত্যয় হয়েছে, প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে। মানুষগুলো একই রয়ে গেছে, তাদের পরিবর্তন হয়নি। অনেকে বলে সব বাদ দিয়ে দাও, কিন্তু তা সম্ভব নয়। তাই মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।”
আরও পড়ুন: সংখ্যানুপাতিক নির্বাচনের নামে ‘জগাখিচুড়ি’ চলছে: মির্জা ফখরুল
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “রাতারাতি রাষ্ট্রের সংস্কার সম্ভব নয়, এর জন্য সময় লাগবে। গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। তাই দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে।” তিনি আরও বলেন, “গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধি সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।”

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































