মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোনোরা প্রদেশের রাজধানী হেরমোসিলো শহরের কেন্দ্রস্থলে ওয়ালডো’স নামের একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
সোনোরা রাজ্যের গভর্নর আলফনসো দুরাজো এক ভিডিও বার্তায় জানান, দুঃখজনকভাবে বিস্ফোরণে উদ্ধার করা নিহতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। তিনি আরও জানান, আহতদের হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গভর্নর দুরাজো বলেন, ‘আমি এই ঘটনার কারণ নির্ধারণ ও দায়ীদের চিহ্নিত করতে একটি স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি।’ তিনি আরও যোগ করেন, ‘কেউ একা এই বেদনা বহন করবে না। শুরু থেকেই জরুরি, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সংস্থাগুলো পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বহু প্রাণ রক্ষা করেছে।
আরও পড়ুন: সুদানে হাসপাতালে সশস্ত্র হামলায় নিহত ৪৬০
স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো ‘আক্রমণ’ বা ‘সহিংস কর্মকাণ্ড’ নয়। বিস্ফোরণটি এমন এক সময়ে ঘটেছে, যখন মেক্সিকো জুড়ে উদযাপন করা হচ্ছিল ‘ডে অব দ্য ডেড’ উৎসব। যে উৎসবে প্রিয় মৃত আত্মীয়দের স্মরণ করা হয়।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































