ইউনিসেফ-newsedge24

বাংলাদেশে শিশুদের ওপর সাম্প্রতিক নৃশংস সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি বলেছে, শিশুদের বিরুদ্ধে বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেন, দেশের বিভিন্ন স্থানে ছেলে ও মেয়ে শিশুদের ধর্ষণ ও হত্যার মর্মান্তিক ঘটনা ঘটছে। যেসব জায়গায় তাদের নিরাপদ থাকার কথা, সেখানেও তারা সহিংসতার শিকার হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইউনিসেফ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালে বাংলাদেশজুড়ে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন ও নৃশংস সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিশু সুরক্ষা ও জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধ ব্যবস্থাকে জরুরি ভিত্তিতে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইউনিসেফ বলেছে, অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে। প্রতিরোধ, অভিযোগ গ্রহণ, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থা, সামাজিক সুরক্ষা এবং কমিউনিটি সেবার ঘাটতি দূর করা জরুরি। নির্যাতিত শিশু ও নারীদের মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, স্কুল, মাদরাসা, কর্মক্ষেত্র ও প্রতিবেশসহ সব জায়গায় জবাবদিহি বাড়াতে হবে। সমাজ যদি নীরব থাকে তাহলে সহিংসতা আরও ছড়িয়ে পড়বে। তাই যেকোনো সহিংসতার ঘটনা দ্রুত জানাতে শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগের আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

আরও পড়ুন:  রামিসা হত্যা তদন্ত প্রতিবেদন ৭দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর

সংস্থাটি সতর্ক করে বলেছে, নির্যাতনের শিকার শিশু ও নারীদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া আরেক ধরনের নির্যাতন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি ভুক্তভোগীদের মর্যাদা ও অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *