রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে বুধবার ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি সৃষ্টি হয়। সংবাদ সংস্থা রয়টার্স জানায়, এই ঘটনায় প্রশান্ত মহাসাগর জুড়ে সতর্কতা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রামে একটি ভিডিও বার্তায় বলেন, “আজকের ভূমিকম্পটি ছিল গুরুতর এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।” স্থানীয় জরুরি পরিস্থিতি মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, কামচাটকার কিছু অংশে ৩-৪ মিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে এবং উপকূল থেকে দূরে সরে যাওয়ার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি মাত্র ১৯.৩ কিলোমিটার (১২ মাইল) গভীরতায় ছিল এবং এটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে কেন্দ্রীভূত ছিল। প্রাথমিকভাবে ৮.০ মাত্রা হিসেবে রিপোর্ট করা হলেও পরে এটি ৮.৮-এ সংশোধন করা হয়। এছাড়া, পরপরই আর একটি ৬.৯ মাত্রার একটি শক্তিশালী পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়।
জাপানে সুনামি সতর্কতা
জাপানের আবহাওয়া সংস্থা সতর্কতা জারি করে জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলে ৩ মিটার পর্যন্ত সুনামির ঢেউ আঘাত হানতে পারে। ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত জাপানের পূর্ব উপকূলের উপকূলীয় শহরগুলোতে সুনামি সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়।
জাপানের এনএইচকে সম্প্রচারে দেখা গেছে, হোক্কাইডো দ্বীপে একটি ভবনের ছাদে বহু মানুষ তাঁবুর নিচে আশ্রয় নিয়েছেন। মাছ ধরার নৌকাগুলো সম্ভাব্য ক্ষতি এড়াতে বন্দর ত্যাগ করেছে। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যেখানে ২০১১ সালের সুনামির পর তেজস্ক্রিয় বিপর্যয় ঘটেছিল, সেখান থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে, জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, এখনও কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো অনিয়ম লক্ষ্য করা যায়নি।
প্রশান্ত মহাসাগর জুড়ে সতর্কতা
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, আগামী তিন ঘণ্টার মধ্যে “বিপজ্জনক সুনামির ঢেউ” আঘাত হানতে পারে। রাশিয়া এবং ইকুয়েডরের কিছু উপকূলে ৩ মিটারের বেশি উচ্চতার ঢেউয়ের সম্ভাবনা রয়েছে, আর জাপান, হাওয়াই, চিলি এবং সলোমন দ্বীপপুঞ্জে ১-৩ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। এছাড়া, মার্কিন পশ্চিম উপকূলসহ প্রশান্ত মহাসাগরের অনেক উপকূলে ছোট ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।
ক্ষয়ক্ষতি
পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির একজন বাসিন্দা ইয়ারোস্লাভ (২৫) বলেন, “ভূমিকম্প শুরু হয়েছিল ধীরে, কিন্তু তীব্রতা বাড়তে থাকে এবং প্রায় তিন মিনিট ধরে কম্পন অব্যাহত ছিল। ভবনটি খুবই দুর্বল মনে হচ্ছিল, যেকোনো মুহূর্তে দেয়াল ধসে পড়তে পারত।”
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রী ওলেগ মেলনিকভ জানান, কয়েকজন ব্যক্তি ভূমিকম্পের সময় আহত হয়েছেন। কেউ কেউ বাইরে দৌড়ানোর সময় আঘাত পেয়েছেন, একজন রোগী জানালা থেকে লাফিয়ে আহত হন এবং একজন নারী নতুন বিমানবন্দর টার্মিনালে আহত হন।
আরও পড়ুন: ভারতের ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, সাখালিনের সেভেরো-কুরিলস্ক শহরের বন্দর এবং একটি মাছ প্রক্রিয়াকরণ কারখানা সুনামিতে আংশিক প্লাবিত হয়েছে। স্থানীয় জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হলেও বেশিরভাগ ভবন ভূমিকম্প সহ্য করেছে এবং কোনো গুরুতর আঘাত বা মৃঘটনার খবর পাওয়া যায়নি।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































