রুহুল কবির রিজভী-newsedge24

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার  সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, সম্প্রতি উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদের আটক করা হয়েছে, তাদের পরিচয় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এমনকি কিছু কারখানার মালিকও এসব অস্থিরতায় জড়িত থাকার বিষয়টি সামনে আসছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

পোশাক খাতের বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, পরাজিত শক্তি কি আবারও পোশাকশিল্পে অস্থিরতা তৈরি করে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটাতে চায়? নাকি বিরোধী মত দমনে গুম ও বিচারবহির্ভূত হত্যার পুরনো সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে?

তিনি স্পষ্ট করেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সংঘাতময় পরিস্থিতি তৈরি করা উচিত নয়। বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগুনে ঘি ঢেলে উত্তেজনা বাড়ানো শেষ পর্যন্ত সবার জন্যই ক্ষতিকর হতে পারে।

একই সংবাদ সম্মেলনে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচির কথা জানান রিজভী। তিনি বলেন, শনিবার রাজধানীতে কেন্দ্রীয় শোভাযাত্রা বের করা হবে। নয়াপল্টন থেকে শুরু হয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে এই মিছিল। দলের চেয়ারম্যান তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করবেন।

আরও পড়ুন: কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

শোভাযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা নিয়ে প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিশৃঙ্খলা বা অরাজকতা মোকাবিলায় সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সক্ষম ও প্রস্তুত। পাশাপাশি সাধারণ মানুষও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে সচেষ্ট থাকবে। তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিই বিএনপির লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *