তারেক রহমান-tarique rahman-newsedge24

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার অঙ্গীকার করে বলেছেন, দলটি ঢাকাসহ সারাদেশে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে। শুক্রবার সকালে তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।

পোস্টে তারেক রহমান লেখেন, “আজ ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৬ জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। আজ বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। আমি মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করছি তিনি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারবর্গকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন। সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানোসহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো।

বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদসঙ্কুল দূর্যোগ মোকাবিলা মোকাবিলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। আজকের ভূমিকম্পেও বাংলাদেশের মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে। আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।”

আরও পড়ুন: ভূমিকম্পে সারাদেশে নিহত অন্তত ৬, আহত ২ শতাধিক

তারেক রহমানের এই পোস্টে বিএনপির নেতাকর্মীরা সহানুভূতি প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের আহ্বান জানিয়েছেন। ভূমিকম্পে ৬ জন নিহত এবং দুই শতাধিক আহতের খবর প্রকাশিত হয়েছে। সরকারের পক্ষ থেকে উদ্ধার ও সাহায্য কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *