বাংলাদেশের সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর অংশ হিসেবে সম্প্রতি সংস্থাটি সকল বিমানবন্দরের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে।

লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনার পর এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেবিচক সূত্র জাগো নিউজকে জানিয়েছে।

বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত এই নির্দেশনাপত্রটি দেশের সকল বিমানবন্দর প্রধান এবং বেসামরিক বিমান চলাচলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনাপত্রে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এজন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল বা লিংক এড়িয়ে চলা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট করা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহারসহ মোট ১০টি নির্দেশনা কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, কোনো সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *