গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রাম- মির্জা ফখরুল-newsedge24

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করে এসেছে এবং বারবার ধ্বংসের চেষ্টা সত্ত্বেও ফিনিক্স পাখির মতো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ নিয়ে পুনরায় জেগে উঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আজকের এই দিনটি বিএনপি এবং সারাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি গঠনের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্তি দিয়ে তিনি গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছেন এবং মুক্তবাজার অর্থনীতি প্রবর্তনের মাধ্যমে অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছেন।”

তিনি আরও বলেন, “বিএনপির মূল আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ। গত ১৫ বছরে দলটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তীব্র সংগ্রাম করেছে। প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০ হাজার হত্যা, এবং ১,৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। তবুও ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি।”

মির্জা ফখরুল জানান, বিএনপি সংস্কার প্রস্তাবে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের নেতৃত্বে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে।

আরও পড়ুন: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানকে স্মরণ

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *