রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়াকে গণমাধ্যমে বক্তব্য প্রদানের ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে তলব করেছেন আদালত।
শনিবার রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত (রাজপাড়া থানা)-এর বিচারক মামুনুর রশিদ এ আদেশ জারি করেন। আরএমপি কমিশনারকে আগামী বুধবার (১৯ নভেম্বর) সশরীরে আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।
রাজশাহী মহানগর পিপি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম জানান, “পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ায় কমিশনারের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।”
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর ডাবতলা এলাকার একটি বহুতল ভবনে ঢুকে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৮) কুপিয়ে হত্যা এবং তার স্ত্রী তাসমিন নাহারকে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় লিমন মিয়া (৩৫) নামে এক যুবককে হেফাজতে নেয় পুলিশ।
আরও পড়ুন: বিচারকদের নিরাপত্তা নিশ্চিত না হলে রোববার থেকে কলমবিরতি
একই দিন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় লিমন মিয়া আত্মপক্ষ সমর্থন করে গণমাধ্যমে বক্তব্য দেন, যা বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়। বিষয়টি আদালতের নজরে আসার পর এই আদেশ জারি করা হয়।
এর আগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এই ঘটনায় পুলিশের অপেশাদারিত্বের অভিযোগ তুলে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কলমবিরতির হুঁশিয়ারি দেয়।































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































