আবু সাঈদ হত্যা মামলা-newsedge24

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে ৬ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

বাকি ২৪ জন আসামি পলাতক। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ, গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডলসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার বুকে একের পর এক গুলি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি করে এবং আন্দোলনকে বেগবান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *