আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। দলটির কার্যক্রম ১২ মে ২০২৫-এর এক প্রজ্ঞাপনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের কারণে। এর ফলে দলটি সংগঠিতভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দলের ক্লিন ইমেজের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন—যাদের বিরুদ্ধে গুরুতর মামলা বা অপরাধের সংশ্লিষ্টতা নেই।
ঢাকা-দিল্লি আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি উঠেছে। ভারতের পক্ষ থেকে আওয়ামী লীগের অংশগ্রহণের পক্ষে সুপারিশ এসেছে, কারণ দলটি দিল্লির দীর্ঘদিনের মিত্র। কিন্তু ঢাকার অবস্থান স্পষ্ট—নিষেধাজ্ঞা থাকায় সংগঠিত অংশগ্রহণ সম্ভব নয়। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশও অনানুষ্ঠানিক যোগাযোগ করেছে, কিন্তু সরকারের জবাব একই।
আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তায়। দলটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের মুখে রয়েছে। শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন এবং দলের সভাপতি হিসেবে তার নেতৃত্ব অটুট। কিন্তু সাম্প্রতিক খবরে জানা গেছে, দলের একাংশ ক্লিন ইমেজের নেতাদের নিয়ে নতুন সংগঠন গড়ার প্রস্তাব দিয়েছিল, যাতে হাসিনার নাম এড়িয়ে নির্বাচনে অংশ নেওয়া যায়। কিন্তু হাসিনা তাতে মতামত দেননি। তিনি বিশ্বাস করেন, লড়াই করে দলকে পুনর্গঠিত করে ফিরিয়ে আনতে পারবেন।
আরও পড়ুন: আ. লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা
দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরা বলছেন, হাসিনা ছাড়া দলের কোনো অস্তিত্ব নেই। কিন্তু নিষেধাজ্ঞা না তুললে সংগঠিত অংশগ্রহণ অসম্ভব। ফলে অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































