সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলো লক্ষ্য করে একাধিক ড্রোন হামলার দাবিও করেছে গোষ্ঠীটি। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, হুথি বাহিনী রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর কয়েক ঘণ্টা আগে সৌদি বাহিনী জানায়, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার সময় শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এর জবাবে ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দুটি স্থানে হামলা চালানোর কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
আরও পড়ুন: ইরান অভিযান নিয়ে নেতানিয়াহু-সেনাপ্রধানের নজিরবিহীন বিরোধ
এর আগে রোববারও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি করেছিল হুথিরা। এ ছাড়া সৌদি আরবের খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমানঘাঁটি এবং জাজান এলাকার একটি নৌঘাঁটিতে হামলার দাবিও জানায় তারা।
হুথিদের অভিযোগ, এর আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন এলাকায় অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এসব হামলা হয়েছে হোদেইদা, লাহিজ, আমরান, সা’দা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশে।
তবে হুথিদের হামলার দাবিগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি। পাল্টাপাল্টি হামলার এসব দাবি সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে চলমান সংঘাতের নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































