আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান-newsedge24

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। শনিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলে যোগ দেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, “জনাব রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন। আমি অভিনন্দন জানাই। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, ঝিনাইদহ-৪ আসনে (ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানা) জনাব রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি অনুরোধ করব, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সকল নেতাকর্মীকে রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োজিত করার জন্য।”

রাশেদ খান বলেন, “কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই বিপ্লবে আমার ও নুরুল হক নুরের ভূমিকা সাংবাদিকরা জানেন। বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রাম করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি নিজের আদর্শ মনে করি। বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলন থেকে তার সঙ্গে আমার সম্পর্ক।”

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি আজ বিএনপিতে যোগদান করেছি এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের জন্য সংগ্রাম করে যাব।”

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

উল্লেখ্য, এর আগে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা-৭ আসনে ধানের শীষে প্রার্থী হয়েছেন। বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। শাহাদাত হোসেন লক্ষ্মীপুর-১ এবং সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষে প্রার্থী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *