এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের মোট ১৯৩৬.৫০ একর জমি (আনুমানিক মূল্য ১৬,৯৪০ কোটি ৬ লাখ ৮৬ হাজার ৭৭৩ টাকা) জব্দের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক তাহাসিন মুনাবীল হক আবেদন করেন। আবেদনে বলা হয় এস আলম গ্রুপ ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন।এই অর্থে দেশে-বিদেশে বিপুল সম্পদ গড়েছেন। অনুসন্ধান চলাকালে তারা এই স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে সম্পদ হস্তান্তর হলে টাকা উদ্ধার অসম্ভব হয়ে পড়বে। এই যুক্তিতে আদালত জরুরি ভিত্তিতে জমি জব্দের আদেশ দেন।
আরও পড়ুন: শওকত মাহমুদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
জব্দকৃত সম্পদের পরিমাণ- মোট জমি ১,৯৩৬.৫০ একর, যার আনুমানিক মূল্য ১৬,৯৪০ কোটি ৬ লাখ ৮৬ হাজার ৭৭৩ টাকা। দুদকের অনুসন্ধানে এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক ঋণ জালিয়াতি, মানিলন্ডারিং ও অর্থপাচারের অভিযোগ উঠেছে। এর আগে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ ও বিদেশে সম্পদ শনাক্তের প্রক্রিয়া শুরু হয়েছে।































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































