বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনাকারীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে সড়কে চলাচলকারীদের জন্য কিছু অনুরোধ জানানো হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ডিএমপি জানায়, অভ্যর্থনা জানাতে আসা ব্যক্তিরা কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন করতে পারবেন না। কোনো যানবাহন নিয়ে তারেক রহমানের গাড়িবহরে যুক্ত হওয়া যাবে না। মোটরসাইকেল নিয়ে গুলশান, বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় অবস্থান করা বা জনতার মধ্য দিয়ে চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।
জরুরি পরিসেবার যানবাহন (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গণমাধ্যম) এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। বিদেশগমনকারী যাত্রীদের সঙ্গে এয়ার টিকিট থাকতে হবে এবং কোনো সহযোগী থাকতে পারবেন না।
নতুন বাজার থেকে গুলশান-২ গামী এবং গুলশান-২ থেকে নতুন বাজারগামী রাস্তা পরিহার করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
গাড়ি পার্কিংয়ের নির্দেশনা:
- টঙ্গী-জয়দেবপুর রোড হয়ে আগত গাড়ি: টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ
- সিলেট ও চট্টগ্রাম থেকে কাঞ্চন ব্রিজ-পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে আগত গাড়ি: নীলা মার্কেট, পূর্বাচল/বাণিজ্য মেলা মাঠ
- আমিন বাজার-গাবতলী হয়ে আগত গাড়ি: উত্তরা ১৭ নম্বর সেক্টর
- দিয়াবাড়ি বাজার, বাবু বাজার ও বসিলা ব্রিজ হয়ে আগত গাড়ি: আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ
- মাওয়া রোড/বুড়িগঙ্গা ব্রিজ হয়ে আগত গাড়ি: মতিঝিল বাণিজ্যিক এলাকা
সব ডাইভারশন ও নির্দেশনা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টা থেকে কার্যকর হবে। ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য ঢাকা মহানগর পুলিশ সবার সহযোগিতা কামনা করেছে।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































