স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-newsedge24

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশকে নির্দেশ দিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের সহযোগীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তথ্য সর্বোচ্চ ব্যবহার করতে। একইসঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে যারা সক্রিয় ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদের শক্ত দোসরদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারলে আমরা তাদের পুরস্কৃত করব। গত সপ্তাহে দুজন এবং গতকাল আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি প্রশ্ন তোলেন, এতদিন এসব ব্যক্তি দেশে লুকিয়ে থাকলেও পুলিশের গোয়েন্দা সহায়তা কেন যথেষ্ট কার্যকর ছিল না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি পুলিশের ইন্টেলিজেন্স সাপোর্টকে সবচেয়ে নির্ভরযোগ্য মনে করেন এবং অন্য সংস্থার তথ্যের সঙ্গে তুলনা করে মূল্যায়ন করেন। তাই পুলিশকে নিজেদের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত আনার বিষয়ে তিনি জানান, প্রতিবেশী দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। তবে তারা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে প্রক্রিয়া নিজস্ব গতিতে চলবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল

আগামী সপ্তাহে সাইবার অপরাধ মোকাবিলায় আলাদা সাইবার ইউনিট গঠনের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ইউনিটের নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত আইজিপি। পুলিশ সদস্যদের আরও সাহসী, সৎ ও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *