মির্জা আব্বাস-bnp-newsedge24

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলি হামলাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “সে আমার সন্তান সমতুল্য। হাদী গুলিবিদ্ধ হওয়ার খবরে আমি মানসিকভাবে আহত। যারা এই আঘাত করেছে, তাদের কালো হাত ভেঙে দিতে হবে।”

শনিবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, “দুপুরে হাদী গুলিবিদ্ধ হওয়ার আধাঘণ্টা পরই একটি দল ফেসবুকে উত্তেজনা সৃষ্টির পোস্ট দেওয়া শুরু করে। হাসপাতালে গিয়ে দেখলাম—সবই পরিকল্পিত। তারা চেয়েছিল হাদীর চিকিৎসা ব্যাহত হোক, সে মারা যাক।”

তিনি অভিযোগ করেন, “একটি বিশেষ রাজনৈতিক দলের ষড়যন্ত্র আমরা ’৭১, ’৭৫, ’৮৬-সহ অনেক দেখেছি। তাদের মূল শক্তি ষড়যন্ত্র। তারা স্থির রাষ্ট্র সহ্য করতে পারে না। রাষ্ট্রকে অস্থির রাখতে চায়। উসকানিমূলক পোস্টগুলো সেই দলের লোকজনের।”

মির্জা আব্বাস বলেন, “৫০ বছর ঢাকায় রাজনীতি করি। প্রার্থীরা একসঙ্গে কোলাকুলি করেছি, খেয়েছি। মারামারি করে আওয়ামী লীগ। আর রাষ্ট্রকে অস্থির করে সেই বিতর্কিত দল। আমরা চাই—হাদীর হামলাকারী গ্রেপ্তার হোক এবং তাদের মুখোশ উন্মোচিত হোক।”

আরও পড়ুন: হাদীর ওপর হামলা সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ: বিএনপি

সমাবেশে হাদীর দ্রুত সুস্থতা কামনা করা হয়। ডিএমপি ইতোমধ্যে হামলাকারীদের একজনকে শনাক্ত করে তথ্যদাতাকে পুরস্কার ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসও দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *