অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলেই রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছাড়ছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে তিনি এই সরকারি বাসভবন ত্যাগ করবেন।
সরজমিনে বেলা ২টার দিকে যমুনা, বেইলি রোড ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছে। যমুনা ভবনের গেটের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আশপাশের সড়কে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
ড. ইউনূস ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রায় দেড় বছর যমুনায় অবস্থান করেছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে তার মেয়াদের সমাপ্তি ঘটে। আজ যমুনা ত্যাগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সেই অধ্যায়ের আনুষ্ঠানিক ইতি ঘটতে যাচ্ছে।
আরও পড়ুন: জুলাই আন্দোলনে পুলিশ হত্যার দ্রুত তদন্ত করা হবে: মির্জা ফখরুল
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হলে এই ভবনেই উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে তিনি গুলশানের নিজস্ব বাসভবনে থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। যমুনায় সংস্কার কাজ চলমান রয়েছে।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































