প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৭ মিনিটে তিনি সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫ নম্বর গেট দিয়ে হেঁটে বেরিয়ে যান।
প্রধানমন্ত্রী হেঁটে ওসমানী মিলনায়তনে যাওয়ার সময় ধীর গতিতে তার পেছনে পেছনে চলতে থাকে গাড়ি বহর। তার আশপাশে নিরাপত্তায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে পৌঁছান তারেক রহমান। সকাল ৯টা ৩০ মিনিটে তিনি নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিসভা বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, প্রশাসনিক সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: একুশে পদক ২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী
একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে আজ দুপুর ১টা ৩০ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, একুশে পদক প্রদান অনুষ্ঠানে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ডকে সম্মানিত করা হয়েছে। এই অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত হয়েছে।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































