আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আসনটি নিউমার্কেট, হাজারীবাগ, কলাবাগান ও ধানমন্ডি থানা নিয়ে গঠিত।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, “প্রচারণার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। তাই স্বাভাবিক প্রচারণা করতে পারছি না। শরিফ ওসমান হাদির হত্যার আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার। এটি সরকারের ব্যর্থতা। প্রার্থীরা ঝুঁকির মধ্যে রয়েছেন, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের নেতারা।”
তিনি আরও বলেন, “সরকারকে প্রার্থীসহ জুলাই অভ্যুত্থানের নেতাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শহীদ ওসমান হাদির মতো অবস্থা যাতে আর কারও না হয়।”
আরও পড়ুন: পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন আসিফ। এর আগে ১০ ডিসেম্বর সন্ধ্যায় উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন আসিফ মাহমুদ। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































