সিইসি নুরুল হুদা-newsedge24

শেরেবাংলা নগর থানায় দায়ের করা এক মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার বিরুদ্ধে অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় পুলিশ তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে।

আজ সোমবার (২৩ জুন, ২০২৫) শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন। এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

গতকাল রবিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে কেএম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিএনপি গত রবিবার শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি ‘বিতর্কিত’ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় কেএম নুরুল হুদাসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়া, নির্বাচন কমিশনে (ইসি) পৃথকভাবে তিন সাবেক সিইসিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে দলটি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। বিরোধী দলগুলোর দাবি, অধিকাংশ ভোট আগের রাতেই সম্পন্ন হয়ে যায়। ফলে বিএনপি মাত্র সাতটি আসনে জয় পায়, এবং এই নির্বাচন ‘নিশিরাতের নির্বাচন’ হিসেবে পরিচিতি লাভ করে।

ওই নির্বাচনের সময় কেএম নুরুল হুদা নির্বাচন কমিশনের নেতৃত্বে ছিলেন। তার সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *