আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছে জাতিসংঘ। নির্বাচন পর্যবেক্ষণ এখন আর জাতিসংঘের নিয়মিত কাজের অংশ নয় বলেও উল্লেখ করেছে বৈশ্বিক এ সংস্থা।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন। তিনি জানান, জাতিসংঘ নিজ উদ্যোগে কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না—যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সুনির্দিষ্ট ম্যান্ডেট দেওয়া হয়। “এটি এখন আর আমাদের কাজের অংশ নয়,” যোগ করেন তিনি।

তবে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কার্যালয় নির্বাচন-সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা প্রদান করছে কি না, সে বিষয়ে খোঁজ নিয়ে জানানো হবে বলে জানিয়েছেন ডুজারিক। তিনি বলেন, “নির্বাচনী প্রক্রিয়ায় এ ধরনের কারিগরি সহায়তা জাতিসংঘ বিভিন্ন দেশে প্রায়ই দিয়ে থাকে।”

ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের বিষয়েও প্রশ্ন উঠে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে এই প্রত্যাবর্তনকে কীভাবে দেখছে জাতিসংঘ—এমন প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, “আমি খবরের মূল্যায়ন করি না। সাংবাদিকরাই খবরের মূল্যায়ন করেন।” তবে তিনি যোগ করেন, বাংলাদেশের জনগণ যাতে নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অবাধে প্রকাশ করতে পারে, সেই প্রক্রিয়াকে জাতিসংঘ পূর্ণ সমর্থন করে।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গে ডুজারিক বলেন, “তাঁর মৃত্যুতে আমরা তাঁর পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *