জাপানের উত্তরাঞ্চল ও জাপান সাগর উপকূলীয় এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে চলা অস্বাভাবিক ভারী তুষারপাতে এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড নিউজ।
নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধা কিনা জিনও রয়েছেন। তাকে তার বাড়ির বাইরে তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচে পাওয়া গেছে। আওমোরি প্রিফেকচারের আজিগাসাওয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী সানে তাকাইচি মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি বিশেষ বৈঠক করে মৃত্যু ও দুর্ঘটনা রোধে মন্ত্রীদের যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দিয়েছেন।
তুষারপাতের তীব্রতা
দেশটির আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, জাপান সাগর উপকূলে শক্তিশালী ঠান্ডা বাতাসের প্রভাবে গত কয়েক সপ্তাহে ভারী তুষারপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি তুষার জমেছে। ২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মৃত্যুর কারণ তুষারের নিচে চাপা পড়া, পড়ে যাওয়া, হৃদরোগ এবং তুষার পরিষ্কার করার সময় দুর্ঘটনা।
আরও পড়ুন: কঙ্গোর কোলটান খনিতে ভূমিধসে নিহত ২২৭
এই তুষারপাতের কারণে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে, রাস্তা বন্ধ হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। সরকার স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































