বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে নিজেই ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, “আজকের এই অনুষ্ঠানটি দুটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ—১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সঙ্গে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করেছি। তবে আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।”
সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সামনের দিনগুলো খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবো এবং আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”
তিনি যুক্তরাজ্য থেকে বিদায়ের দিন বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানান। বলেন, “বিদায়ের দিন যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন। নেতাকর্মীরা ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।”
আরও পড়ুন: ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
এর আগে গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। এখন নিজেই তারিখ নিশ্চিত করলেন তারেক রহমান।
লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে অনুষ্ঠিত এই আলোচনা সভায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































