আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা ও তার দোসররা ২০২৪ সালে বাংলাদেশে যে অপরাধ সংঘটিত করেছে, তা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর অপরাধের চেয়েও জঘন্য। তিনি জানান, মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে হত্যা, এবং নিরস্ত্র মানুষকে গুলি করে মারার মতো ঘটনা ১৯৭১ সালে এতটা নৃশংসভাবে দেখা যায়নি। জুলাই হত্যাযজ্ঞের বিচার বিষয়ে আলোচনা ও তথ্য প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “১৯৭১ সালে মৃতদেহ পুড়িয়ে ফেলার মতো কোনো ফুটেজ আমি দেখিনি। কোনো মুক্তিযোদ্ধার বর্ণনায়ও এমন নৃশংসতার কথা পড়িনি, যেখানে আহত ব্যক্তিকে তার বন্ধু বাঁচাতে নিয়ে যাওয়ার সময় তাকেও গুলি করা হয়েছে।” তিনি ১৯৭১ ও ২০২৪ সালের ঘটনার পার্থক্য তুলে ধরে বলেন, “১৯৭১ সালে অন্য দেশের বাহিনী এমন করেছে, কিন্তু আমরা স্বাধীনতা ঘোষণার পর এমন নৃশংসতা আমাদের দেশের মাটিতে ঘটেছে।”
আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানের মামলায় সুষ্ঠু তদন্ত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিচার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কারণ তার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। “অনেকে বলেছেন, তাজুলের নামে কেন কন্ট্রোভার্সি? আমি বলেছি, আমার দরকার এমন আইনজীবী যাকে ১ হাজার কোটি টাকা দিয়েও কেনা যাবে না। তাজুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তার সঙ্গে তুলনীয় হয়তো প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বা দু-একজন হতে পারেন।” তিনি জনগণের প্রতি আহ্বান জানান, “আমাদের প্রতি বিশ্বাস রাখুন। আমরা আমাদের দায়িত্বে কোনো অবহেলা করি না। এই হত্যাকাণ্ডের বিচার না হলে, আল্লাহ তাদের বিচার করবেন।”

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































