জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের তালিকা হস্তান্তর-newsedge24

আজ সোমবার সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরীর কাছে জুলাই বিপ্লবে নিহত শ্রমিকদের তালিকা এবং শ্রমিক-কর্মচারী ন্যাশনাল কনভেনশন-২০২৩-এর সারসংক্ষেপ ও ঘোষণাপত্র হস্তান্তর করা হয়েছে। এই তালিকা ও নথি হস্তান্তর করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শিমুল বিশ্বাস জানান, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারীদের মধ্যে প্রায় ৯৭ জন শ্রমজীবী মানুষ ছিলেন সম্মিলিত শ্রমিক পরিষদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মী ও সক্রিয় সংগঠক। তিনি বলেন, “যাদের শ্রমে-ঘামে সভ্যতা এবং দেশ সচল থাকে, সেই শ্রমিক শ্রেণি বাংলাদেশে সবচেয়ে নিগৃহীত, বঞ্চিত ও অধিকারহারা।” তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই বিপ্লবের মাধ্যমে শুরু হওয়া নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় শ্রমিক শ্রেণি মুখ্য ভূমিকা পালন করছে। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শ্রমিক-কর্মচারী ন্যাশনাল কনভেনশন-২০২৩-এর সারসংক্ষেপ ও ঘোষণাপত্রে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এই কনভেনশনে শ্রমিকদের অধিকারহারা অবস্থা থেকে মুক্তি এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়। শিমুল বিশ্বাস জানান, এই ঘোষণাপত্রে শ্রমিকদের ঐক্য গঠন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে।

শিমুল বিশ্বাস জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সম্মিলিত শ্রমিক পরিষদ জুলাই বিপ্লবে নিহত শ্রমিক পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবে এবং শ্রমিক জাগরণের জন্য দেশজুড়ে সফর করবে। তিনি বলেন, “বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নতুন বাংলাদেশ গঠনের জন্য শ্রমিক নেতারা ধারাবাহিক কর্মসূচি পালন করবে।” এই লক্ষ্যে শ্রমিক শ্রেণির মুখে হাসি ফোটানো এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা হবে। হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *