বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার জন্য আজ রোববার (৩১ আগস্ট ২০২৫) বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকাল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম জানান, “আজ বিকাল ৩টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। এরপর বিকাল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।”
আরও পড়ুন: রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনীর ব্যাখ্যা
এই বৈঠকগুলোতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে এই বৈঠকগুলো বিশেষ তাৎপর্য বহন করছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং কাকরাইলের ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































