সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার দুপুর ১২টায় নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
রিটার্নিং কর্মকর্তা বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি আরও জানান, কিছুক্ষণের মধ্যেই দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফিং করা হবে।
এর আগে গত ২৭ এপ্রিল হাইকোর্ট নুসরাত তাবাসসুমের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। এরপর ২৯ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেন। আজ ২ মে মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন ধার্য করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান নুসরাত তাবাসসুম জ্যোতিকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে, হাইকোর্টের নির্দেশ অনুসারে ২ মে মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থী, তার প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































