মির্জা আব্বাস-newsedge24

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিল-সমাবেশ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, “শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, এখানে মিছিল-মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা মিছিল-মিটিং করে কীভাবে?” তিনি এনসিপির আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে ‘নাটক’ হিসেবে আখ্যায়িত করে সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

১২ মে ২০২৫ সোমবার, নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন মির্জা আব্বাস। সভায় তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে শাহবাগের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “কোন দাবিতে মিছিল-মিটিং করল? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে? খুব বলা হয়েছিল, বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির কী ঠেকা পড়ে গেছে ভাই? বিএনপির নেতা-কর্মীরা ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারেনি। আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে।” তিনি জোর দিয়ে বলেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ তিনি নিজেও আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে একাধিকবার স্পষ্ট বক্তব্য দিয়েছেন।

মির্জা আব্বাস বলেন, দেশকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষায় একমাত্র বিএনপি মাঠে আছে। তিনি অন্য রাজনৈতিক দলের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, “আর কোনো রাজনৈতিক দল যদি মাঠে থাকত, তারা আওয়াজ ওঠাত।” তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশযাত্রা নিয়েও প্রশ্ন তুলে বলেন, “হামিদ সাহেব চলে গেল। লুঙ্গি পরে, গেঞ্জি পরে, মাস্ক পরে ভিআইপি দিয়ে গেল। ভাই, ভিআইপিতে ঢোকে কীভাবে? এ বিষয়ে আমাদের জানা খুব দরকার। আমার খুব সন্দেহ হচ্ছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে কোনো মানবিক করিডর দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, “একমাত্র নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কী করবে।” তিনি দেশকে ‘ঔপনিবেশিক শোষণের’ মধ্যে থাকার অভিযোগ তুলে বলেন, “ইচ্ছা করলেই কেন আমরা সেন্ট মার্টিন, সাজেক, বাঘাইছড়ি যেতে পারি না? আমরা কি পরাধীন কোনো দেশে বসবাস করছি? এসব নিয়ে এনসিপি কেন কথা বলছে না?” তিনি সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধাভোগীদের এখনো সুবিধা নেওয়ার অভিযোগও করেন।

স্মরণসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মী বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন নাসির উদ্দিন আহমেদ স্মৃতি সংসদের আহ্বায়ক সাইদ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *