বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “যারা হেলিকপ্টার থেকে গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করেছে, যাদের হাতে রক্তস্নাত ইতিহাস—তাদের দুর্নীতি, হত্যাযজ্ঞ যেন আমরা কখনো ভুলে না যাই। কিছু দল আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় তাদের কুকীর্তির কথা মুখে আনে না। কিন্তু জাতি ভুলবে না।”
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “২০২৪-এর গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলন নয়। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত রক্তের সোপান মাড়িয়ে আমরা গণতন্ত্রের বিজয় ছিনিয়ে এনেছি। মানুষ মুক্তি চেয়েছে—গণতন্ত্রের, মানবাধিকারের, মৌলিক অধিকারের।”
একটি দলের (জামায়াতের দিকে ইঙ্গিত করে) সমালোচনা করে তিনি বলেন, “যারা ’৪৭ থেকে ’৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যাদের ইতিহাস সবসময় জাতির স্বার্থের বিপক্ষে—তাদের কাছে ধর্মের বড়ি বিক্রি করে ভোট পাওয়া যাবে না। জনা। বাংলাদেশের মানুষ এখন সচেতন।”
তিনি বলেন, “যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে প্রণীত ৩১ দফা বাংলাদেশের মহাকাব্যে পরিণত হয়েছে। আগামী নির্বাচনে আবেগ নয়, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে হবে।”
আরও পড়ুন: শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
সভায় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা জাতিকে মনে করিয়ে দিতে চাই—কে গণতন্ত্র হত্যা করেছে, কে রক্ত ঝরিয়েছে, কে লুটপাট করেছে। এই স্মৃতি মুছে ফেলা যাবে না।”

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































