ভারতীয় ভিসা সেন্টার-newsedge24

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে ভারত। এর প্রেক্ষাপটে পর্যায়ক্রমে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (IVAC) পূর্ণাঙ্গভাবে চালু এবং ভিসা প্রদানের হার বাড়ানোর আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন প্রণয় ভার্মা। ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে দ্বিপাক্ষিক নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা—’ভিসা জটিলতা’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পেশাদারিত্ব নিয়ে মাঠে থাকায় জনজীবনে স্বস্তি ফিরেছে। এই ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত। হাই কমিশনার আশ্বস্ত করেছেন যে, পরিস্থিতির উন্নতির সাথে সামঞ্জস্য রেখে তাদের কনস্যুলার সেবাগুলো দ্রুত স্বাভাবিক করা হবে।

গত কয়েক মাস ধরে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা প্রদান সীমিত করা হয়েছিল। বিশেষ করে পর্যটন ও সাধারণ ভ্রমণ ভিসা প্রায় বন্ধ থাকায় হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছিলেন। আজকের বৈঠকে এই বরফ গলার ইঙ্গিত পাওয়া গেছে।

ভারতীয় হাই কমিশনার জানিয়েছেন, বর্তমানে কেবল জরুরি চিকিৎসা এবং শিক্ষার্থীদের ভিসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে এখন থেকে পর্যায়ক্রমে অন্যান্য ক্যাটাগরির ভিসাও চালু করা হবে। ঢাকার বাইরে অবস্থিত ভিসা সেন্টারগুলো, যা নিরাপত্তার খাতিরে কার্যক্রম কমিয়ে দিয়েছিল, সেগুলোও ধাপে ধাপে খোলা হবে।

আরও পড়ুন: নিরাপত্তাজনিত কারণে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রণয় ভার্মার এই আশ্বাস কেবল প্রশাসনিক নয়, বরং একটি বড় রাজনৈতিক বার্তাও বহন করে। বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যে সাময়িক আড়ষ্টতা তৈরি হয়েছিল, এই আলোচনার মাধ্যমে তা কাটতে শুরু করেছে। বিশেষ করে সাধারণ মানুষের যাতায়াত সহজ হলে দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *