আসন্ন দুর্গোৎসব উপলক্ষে সারাদেশের ২,৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৩০ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। এর পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সারাদেশে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিরাপত্তাধীন ২,৮৫৭টি পূজামণ্ডপের মধ্যে ১,৪১১টি সীমান্তবর্তী এলাকায় (সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ও পার্বত্য এলাকার ১৫টি মণ্ডপসহ) এবং ১,৪৪৬টি সীমান্তের বাইরে অবস্থিত। সীমান্তের বাইরের মণ্ডপগুলোর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৪৪১টি, চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় ৬৯৪টি এবং অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপ রয়েছে।
অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিজিবি মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করছে। বিজিবি জানায়, তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে, যাতে জনগণ শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে।
আরও পড়ুন: দুর্গাপূজায় সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ, ঢাকায় ২৫৯টি
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবি জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। দুর্গোৎসবের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে।

























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































