মির্জা ফখরুল ইসলাম আলমগীর-bnp-newsedge4

মহান বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ৯টা ৫৫ মিনিটে শেরে বাংলা নগরে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি পুষ্পমাল্য অর্পণ করেন এবং প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, “একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে। এ দিনটি বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শপথ নিয়েছি—স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখব।”

মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, “চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ—তার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাই।”

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “তারেক রহমান নির্বাসিত অবস্থায় বিদেশে আছেন। আশা করছি, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তার ফেরা গণতন্ত্রের সংগ্রামকে বেগবান করবে।”

অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

আরও পড়ুন: আনিস আলমগীর-শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ

এর আগে সকাল সাড়ে ৮টায় মির্জা আব্বাসের নেতৃত্বে হাজারো নেতাকর্মী সাভার জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *