ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিকেল ৫টায় (স্থানীয় সময়) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি সূত্রকে উদ্ধৃত করে এ খবর নিশ্চিত করেছে অনলাইন এনডিটিভি এবং অন্যান্য সংবাদমাধ্যম। তবে ভাষণের বিষয়বস্তু এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, যদিও জিএসটি সংস্কার, নবরাত্রি উদযাপন এবং আন্তর্জাতিক বাণিজ্য-ভিসা ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় টুইটারে (এক্স) পোস্ট করে জানিয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।” এই ভাষণটি নবরাত্রির শুরুর ঠিক আগের দিনে হচ্ছে, যখন আগামীকাল থেকে জিএসটি হার কমানোর সংস্কার কার্যকর হবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের মতে, এই সংস্কারের ফলে ২ লক্ষ কোটি টাকা জনগণের হাতে ফিরবে, যা দেশীয় খরচ বাড়াবে এবং দরিদ্র-মধ্যবিত্ত পরিবার, এমএসএমই খাতকে উপকৃত করবে। বর্তমানে ১২ শতাংশ জিএসটি স্ল্যাবের ৯৯ শতাংশ পণ্য ৫ শতাংশে এবং ২৮ শতাংশের ৯০ শতাংশ পণ্য ১৮ শতাংশে নামবে।
আরও পড়ুন: পাকিস্তান-সৌদি আরব পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
ভাষণের সময়সীমা গুরুত্বপূর্ণ, কারণ এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি এবং এইচ-১বি ভিসা আবেদন ফি ১ লক্ষ ডলার বাড়ানোর ঘোষণার মধ্য দিয়ে আসছে। সম্প্রতি মোদি আত্মনির্ভর ভারতের উপর জোর দিয়ে বলেছেন, দেশের সবচেয়ে বড় শত্রু অন্য দেশের উপর নির্ভরশীলতা। সেমিকন্ডাক্টর থেকে জাহাজ নির্মাণ পর্যন্ত খাতে স্বনির্ভরতা অর্জনের আহ্বান জানিয়েছেন। বাণিজ্য মন্ত্রকের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা তীব্রতর হচ্ছে এবং ২২ সেপ্টেম্বর মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হবে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































