মির্জা ফয়সল-010274-NewsEdge24

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পরাজিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাড়িতে ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। নির্বাচনের পর তার এই উদ্যোগকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সকলে।

আজ শুক্রবার দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় অবস্থিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাড়িতে যান মির্জা ফয়সল আমীন। এ সময় দেলাওয়ার হোসেনকে ফুলের তোড়া উপহার দেন নবনির্বাচিত সংসদ সদস্য।

সেখানে দুই প্রার্থীর মধ্যে কুশল বিনিময় হয়। এ ছাড়া নির্বাচিত সংসদ সদস্যকে মিষ্টিমুখ করান দেলাওয়ার হোসেন। এ সময় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, এলাকার উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

এ ছাড়া এই আসনের উপনির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) পেয়েছেন ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৪৫০ ভোট।

নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি মাধ্যম হচ্ছে নির্বাচন। আর গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় হলো পরমতসহিষ্ণুতা। আমরা যদি একে অপরের মতামতকে শ্রদ্ধা ও সম্মান না করি, তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারব না।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের স্বার্থে, দেশের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে তারা আমাদের সহযোগিতা করবেন বলে আশা করি। আমি আন্তরিকভাবে দেলাওয়ার হোসেনকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। তিনি বিপুলসংখ্যক ভোট পেয়েছেন। এখন একটি বিশাল অংশ তার সঙ্গে রয়েছে। এই বিজয় তাদের বাদ দিয়ে নয়। তারাও তো আমাদেরই মানুষ, তারাও এই এলাকার মানুষ। অতএব, ইনশাআল্লাহ আমরা একসঙ্গে কাজ করব। এটাই আমি তার কাছে প্রস্তাব করেছি। আশা করি, তার কাছ থেকে সহযোগিতা পাব।

আরও পড়ুন: কয়েকজনের ধাওয়ায় নদীতে ঝাঁপ দেন তাহসিফ: দীপ

পরাজিত ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, আমি গর্ববোধ করি, বড় ভাই মির্জা ফয়সল আমীন নির্বাচিত হওয়ার পর আমার খোঁজখবর নিতে এসেছেন। পাশাপাশি আমার নেতাকর্মীদেরও খোঁজখবর নিয়েছেন। এ জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। আমি তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, এমন রাজনৈতিক সংস্কৃতিই গড়ে ওঠা উচিত। নির্বাচন থাকবে, দল থাকবে; কিন্তু আমাদের পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও পরিবেশ বজায় থাকবে। এর মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *