আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। মুসলমানদের কাছে এ রাত অত্যন্ত মহিমান্বিত ও পুণ্যময়। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার, তওবা ও দোয়ার মাধ্যমে কাটাবেন।
পবিত্র কোরআনে উল্লেখ আছে, এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এবং এর ইবাদত অন্য এক হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। ‘শবেকদর’ ফারসি শব্দ—‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ মর্যাদা, সম্মান, গুণ বা ভাগ্য। অর্থাৎ মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্যরজনী। আরবিতে এর নাম লাইলাতুল কদর।
এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। আলেমদের অভিমত অনুযায়ী, ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত শবে কদর হতে পারে, তবে ২৬ রমজানের দিবাগত রাতেই (অর্থাৎ আজ রাতে) শবে কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
শবে কদর উপলক্ষে ছুটি ও শুভেচ্ছা
শবে কদর উপলক্ষে ২৭ রমজান সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এবার ২৭ রমজান মঙ্গলবার পড়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার বিকাল ৫টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছেন: “পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। আমি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি—তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষিত করেন। আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন। পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক—এই কামনা করি।”













































































































































































































































































































































































































































































































































