bnp press conference-rizvi-newsedge24

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা বা অনৈতিক আচরণে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কঠোর অবস্থান তুলে ধরেন।

রিজভী বলেন, “যে কেউ দলের নামে অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী বা সহিংস কর্মকাণ্ডে জড়িত হবে, তাকে রেহাই দেওয়া হবে না। আমরা তাৎক্ষণিক তদন্ত করে, ভিডিও-অডিও পরীক্ষা করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এবং নিচ্ছি।” তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ বিভিন্ন জেলায় এমন কর্মকাণ্ডের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এ পর্যন্ত প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল, ভাংচুর ও দলীয় কর্মীদের উপর হামলার ঘটনায় চিলমারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি ও সদস্য আবদুল মতির শিরিনকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার পাছথুবী ইউনিয়নের (দক্ষিণ) সাধারণ সম্পাদক খোকন মিয়াকে সন্ত্রাসী ও অস্ত্রবাজি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণসহ বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: টেলিকম নীতিমালা একতরফাভাবে প্রণয়ন না করার আহ্বান বিএনপির

ভোলা তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে মহিলা দলের নেত্রী ও চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভানেত্রীর উপর হামলার জন্য বহিষ্কার করা হয়েছে। লালমনিরহাট পাটগ্রামে বিএনপির নামে থানায় ঢুকে ভাংচুর ও দুজনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে তদন্ত চলছে, এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। বনানী থানা যুবদলের আহ্বায়ক মুনির হোসেনের নেতৃত্বে জাকারিয়া হোটেলে নারীদের উপর হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে মুনিরকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

রিজভী জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশের ঘটনা পর্যবেক্ষণ করছেন। দলের নামে দুর্বৃত্তপনা, অনৈতিক কাজ বা মানুষের মধ্যে ভীতি সঞ্চারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা গণমাধ্যমের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই, যেন কেউ দলের নামে সন্ত্রাসী বা সহিংস আচরণের সাহস না করে।”

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *