অপকর্ম -আওয়ামী লীগ-স্বরাষ্ট্র উপদেষ্টা-newsedge24

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ কোনো অপকর্ম করলে কোনোভাবেই ছাড় পাবে না। শনিবার (২ আগস্ট ২০২৫) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৫ আগস্টকে কেন্দ্র করে দেশে কোনো শঙ্কা আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, তাতে কোনো শঙ্কা নেই।”

আওয়ামী লীগের গোপন কার্যক্রম এবং একজন সেনা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “যে বাহিনীর যে-ই জড়িত থাকবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না।”

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের গোপন বৈঠক: মেজরসহ গ্রেপ্তার ২২

গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে।” এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিক নামে একজন সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, এবং একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সত্য ঘটনা প্রকাশ করুন। সত্য প্রচারের কারণে জনগণ উপকৃত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়। মিডিয়ার সত্য প্রচারের জন্যই বিদেশি মিডিয়াগুলোর টোন নিচে নেমে যাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *