লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যদি সবকিছু সঠিকভাবে এগোয়, তবে এটি নিঃসন্দেহে একটি টার্নিং পয়েন্ট হতে পারে।’ তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূস তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং এই বৈঠক লন্ডনের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামী শুক্রবার সকালে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এছাড়া, সফরকালে তিনি বাকিংহাম প্যালেসে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাজার হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































