ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিমান হামলা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর ফলে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের পূর্বপরিকল্পিত হামলা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। অনলাইন বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প জানান, তিনি আক্রমণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তা দ্রুত একটি চুক্তি সম্পন্ন করার শর্তে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও ইরানের পক্ষ থেকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ আসার পর ইসরাইলের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ট্রাম্প দাবি করেন, সম্ভাব্য চুক্তির প্রধান শর্তগুলো ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালির তাৎক্ষণিক, সম্পূর্ণ ও সার্বিক উন্মুক্তকরণ এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান।
একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আর দেখা যায়নি এমন স্তরের সামরিক শক্তি ও সামর্থ্য নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে প্রস্তুত রয়েছে।
এর আগে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্প প্রশাসন ও ইসরাইল সপ্তাহের শেষেই ইরানের জ্বালানি খাত ও বিদ্যুৎ ব্যবস্থাকে লক্ষ্য করে তীব্র হামলার পরিকল্পনা করছিল। শুক্রবার এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প সাংবাদিকদের উপস্থিতিতেই বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হানব। কোনো এক পর্যায়ে তারা বলতে বাধ্য হবে, আমরা আর নিতে পারছি না।’
তবে শনিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে ফোন করে এ হামলার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সম্ভাব্য উত্তেজনার আশঙ্কায় মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে থাকা তাদের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। বর্তমানে সেখানে থাকা মার্কিন নাগরিকদের চরম সতর্কতা বজায় রাখা এবং বিমান ফ্লাইট বাতিল, সাময়িক আকাশসীমা বন্ধ ও ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ট্রাম্পের এ ঘোষণার বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































