কাদের সিদ্দিকী-newsedge24

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তিনি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কোনো কাজ করছেন না এবং এ বিষয়ে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রোববার দুপুরে টাঙ্গাইল শহরের তার বাসভবন সোনার বাংলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, “প্রায় ২৬ বছর আগে আমি আওয়ামী লীগ ছেড়ে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে আমি ভালোবাসি ও সম্মান করি।”

তিনি আরও বলেন, শনিবার দিবাগত রাতে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কে অবস্থিত তার বাসভবন সোনার বাংলায় একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে গাড়ি ও জানালার গ্লাস ভাঙচুর করে এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। এ ঘটনায় তিনি কোনো দল বা নেতাকর্মীকে সরাসরি দোষারোপ না করে বলেন, “রাজধানীর ৩২ নম্বরের মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে, তাহলে আমি নিজেই আমার বাসা ভাঙার দাবি জানাচ্ছি। তবে এ ঘটনায় মামলা করা হবে।”

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, “হাসিনা সরকার যদি ফ্যাসিস্ট হয়, তাহলে এখন দেশে যা চলছে তা কোন মাপের ফ্যাসিস্ট তা আমি নির্ণয় করতে পারছি না। দেশের একমাত্র বেসামরিক বীর উত্তমের বাড়ির নিরাপত্তা যখন এই সরকার দিতে পারে না, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, তা বোঝা যায়।” তিনি এসব ঘটনার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্রের সম্ভাবনা খতিয়ে দেখার দাবি জানান।

আরও পড়ুন: আ’লীগের ক্লিন ইমেজের সমর্থকদের মনোনয়ন দেবে জাপা

সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *