হরমুজ প্রণালি-hormuz strait-newsedge24

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলার পর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলার পরপরই প্রণালিতে জাহাজ চলাচল প্রথমে ধীর হয়ে যায় এবং পরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিনট্রাফিকের তথ্য অনুসারে, বর্তমানে হরমুজ প্রণালিতে কোনো জাহাজই চলাচল করছে না। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রণালিতে সীমিত আকারে জাহাজ চলাচল শুরু হয়েছিল। আইআরজিসি দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং এ বিষয়টি ডোনাল্ড ট্রাম্পও মেনে নিয়েছেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন অব্যাহত রাখে, তাহলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে। তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের পরিস্থিতি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির অংশ নয়।

গতকাল বুধবার লেবাননে অভূতপূর্ব বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ১০০টি বিমান হামলা চালানো হয়। বৈরুতের অনেক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে যেখানে হিজবুল্লাহর কোনো উপস্থিতি নেই বলে জানা গেছে।

আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, ১৯৮২ সালের ইসরায়েলি আগ্রাসনের পর লেবাননে এত ভয়াবহ হামলা আর দেখা যায়নি। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, এই হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন।

1 comment on “লেবাননে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি আবার বন্ধ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *