বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয় এবং এটি জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। তিনি দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানেন না এবং যারা এটির দাবি করছেন, তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে।
সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি সতর্ক করে বলেন, আওয়ামী আমলের প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণের প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে জনগণ প্রতিহত করবে: জয়নুল আবদীন
এছাড়া, আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আশা করি ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিদের উপস্থিতি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।”






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































