বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর, ২০২৫) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। সংস্কার সনদে স্বাক্ষরিত দলগুলোর ঐক্যের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই। গণতন্ত্রের পুনরুদ্ধারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
তিনি নয়া দিগন্তের ভূমিকার প্রশংসা করে বলেন, “নয়া দিগন্ত আমাদের কাছে সংগ্রামের আরেক নাম। ফ্যাসিবাদী শাসনামলে এই পত্রিকার সাংবাদিক, সম্পাদক, প্রকাশক ও কর্মীরা অকথ্য নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। তবুও তারা ধৈর্য, সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে গেছেন।” তিনি যোগ করেন, “বিগত স্বৈরাচারী শাসনামলে সাংবাদিকদের ওপর দমন-পীড়নের ভয়াবহ ছায়া ছিল। তবুও তারা গণমানুষের চেতনা ও সত্যের সংবাদ প্রচারে অটল ছিলেন। এই সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, “বিগত ফ্যাসিস্ট শাসনামলে বিএনপির ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার কর্মীকে খুন করা হয়েছে এবং অনেকে গুম হয়েছে।” তিনি আরও বলেন, “বাকশাল প্রতিষ্ঠার পর থেকে গণমাধ্যমের ওপর অত্যাচার চলেছে। জিয়াউর রহমান বাকশাল বিলুপ্ত করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন। সংস্কারের শুরু তাঁর আমল থেকেই হয়।”
আরও পড়ুন: জোট গঠন করলেও নির্বাচন করতে হবে নিজ প্রতীকে
নয়া দিগন্তের ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, “নয়া দিগন্ত সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাদের অবদান অনস্বীকার্য। দলের পক্ষ থেকে সম্পাদক, প্রকাশক, রিপোর্টার ও সব কর্মীবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































