ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা ও অবস্থান নিয়ে সরাসরি খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, “পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ইরানের ঘটনাবলির কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।”
এই ঘটনার কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। তিনি আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকেপড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে, তাও প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন।
আতিকুর রহমান রুমন জানান, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রীও এই কাজে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।”
আরও পড়ুন: বাংলাদেশ জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে
এদিন সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে নিজের অফিসে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠকের পর দুর্যোগ মন্ত্রী সাংবাদিকদের বলেন, “ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।”
পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































